মিরপুরে জামায়াত নেতার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন....,

মিরপুরে জামায়াত নেতার উদ্যোগে

ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
আজ শুক্রবার (২১ আগস্ট) মিরপুর-২ এলাকার ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে, মিরপুর মডেল থানা সংলগ্ন স্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ মাহফুজুর রহমান।
উদ্বোধন করেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।
কর্মসূচিতে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা উত্তর সিটির উন্নয়ন ও আধুনিক নগরায়নের জন্য মোহাম্মদ সেলিম উদ্দিনের মতো জনসম্পৃক্ত নেতৃত্বের প্রয়োজন রয়েছে। তারা বলেন, আগামী দিনে ঢাকা উত্তর সিটিকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সেলিম উদ্দিনের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন দেশের বিদ্যমান চিকিৎসাব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষ সরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা যথাযথভাবে পাচ্ছেন না।
অর্থের অভাবে অনেক মানুষ বেসরকারি হাসপাতালে উচ্চমূল্যের চিকিৎসা ও পরীক্ষা করাতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “পয়সা দিলে সব ঠিক, পয়সা নাই তো চিকিৎসা পাবেন না”—এমন পরিস্থিতি থেকে মানুষকে বের করে আনতে হবে। চিকিৎসাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারা বছর বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়, যাতে অসচ্ছল ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেতে পারেন।
তিনি আরও বলেন, দায়িত্ব পেলে ঢাকা উত্তর সিটির হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিতকরণ এবং কম খরচে সরকারি চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। হাসপাতালগুলোকে দ্রুত সার্জারি ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসাসেবার আওতায় আনার কথাও জানান তিনি।
সেলিম উদ্দিন বলেন, “আমরা আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তুলতে চাই। চিকিৎসাক্ষেত্রে এমন পরিবর্তন আনতে চাই, যাতে উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষকে বিদেশে যেতে না হয়।”
দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, দেশের অর্থ যেন অপ্রয়োজনীয়ভাবে বিদেশে চলে না যায় এবং চিকিৎসার নামে অর্থপাচার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
ঢাকা নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, কর্মী-সমর্থক ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঢাকা শহরকে পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হবে। আগামী দিনে ঢাকা সিটির নেতৃত্বে পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমও বক্তব্য দেন। তিনি ঢাকা উত্তর সিটির উন্নয়ন ও আধুনিক নগরায়নে মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বের বিকল্প নেই বলে মন্তব্য করেন।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে মিরপুর ও আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *