
পত্নীতলায় ১’শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
মাসুদ রানা, নওগাঁঃ
নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পত্নীতলা থানার উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে ঘোষনগর ইউনিয়নের চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন, মহাদেবপুর উপজেলার শিয়ালী গ্রামের ইয়াচিনের ছেলে মো. সোহেল রানা (২৩)।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে সোহেল রানাকে আটক করে তার হেফাজত থেকে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।