
বুড়িচংয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস
উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিলনায়তন প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য দেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আলতাফ ভূইয়া, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ অক্ষর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জোবায়ের হাসান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।