
বুড়িচংয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
জাতীয় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলায় ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে প্রবল বৃষ্টি উপেক্ষা করে সংগঠনটির নেতাকর্মীরা একটি র্যালি বের করেন।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এ আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বক্তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তারা আরও বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ড. মোবারক হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কর্ম পরিষদের সদস্য ও বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মুহাম্মদ আব্দুল আউয়াল।
সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মুহাম্মদ অহিদুর রহমান এবং পরিচালনা করেন পৌর সভা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ তাজুল ইসলাম মাষ্টার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল আলম, উপজেলার জামায়াতে ইসলামীর জয়েন্ট সেক্রেটারি প্রধান শিক্ষক কবির হোসেন, জয়েন্ট সেক্রেটারি ফারুক চৌধুরী। কোরআন তেলওয়াত করেন মাওলানা ফেরদৌসী আহমেদ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা কর্ম পরিষদের সদস্য ফয়েজ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী জামায়েতে ইসলামীর নেতা শাহীন হোসেন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ জাকারিয়া খান সৌরভ, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন মাষ্টার, নেতা জহিরুল ইসলাম, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ফজলুল হক, ষোলনল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সার্জেন্ট হাবিবুর রহমান, রাজাপুর ইউনিয়নের আমির মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন, ব্যবসায়ী শরীফুল ইসলাম।
অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।