
বুড়িচংয়ে ছয়গ্রাম বাজার কমিটির
সভাপতি লিটন-সম্পাদক ইমতিয়াজ
সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ঐতিহ্যবাহী ছয়গ্রাম বাজারের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসায়ীদের অধিকার সুরক্ষা, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বাজারের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাতে বাজার প্রাঙ্গণে ব্যবসায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় বাজারের দীর্ঘদিনের সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে সৎ, যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে বাজার পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ১২০ জনেরও বেশি ব্যবসায়ীর সম্মতিক্রমে ব্যবসায়ী মো. মিজানুর রহমান (লিটন) মেম্বারকে সভাপতি, ইমতিয়াজ আহমেদ ডিলারকে সাধারণ সম্পাদক এবং মো. মাহবুব আলমকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলহাজ আব্দুল্লাহ আল সাকী সবুজ। সভা পরিচালনা করেন রুমেন হাসান মাস্টার।
এ সময় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির নেতারা বাজারে স্বচ্ছতা, শৃঙ্খলা ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রেখে সকল ব্যবসায়ীর স্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।