
মুরাদনগর নিখোঁজের ৩ মাস পর
পুলিশের অভিযানে শিশু উদ্ধার
সফিকুল ইসলাম, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগর থানা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় ২৪ ঘন্টার মধ্যে পরিবারকে ফিরে পেয়েছে ৩ মাস ধরে নিখোঁজ থাকা ১২ বছর বয়সী শিশু জোনায়েদ।
রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় শিশুটিকে তার বাবা মাসুদ রানার হাতে তুলে দেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। উদ্ধার হওয়া শিশু জোনায়েদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মালাই বাঙ্গুরা এলাকায়। তার বাবা মাসুদ রানা পেশায় একজন চটপটি বিক্রেতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় শিশু জোনায়েদকে উদ্দেশ্যহীনভাবে একা ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা।
বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত মুরাদনগর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে নিরাপদ হেফাজতে রাখে। শিশুটিকে উদ্ধারের পর তার সঠিক পরিচয় শনাক্ত ও পরিবারের সন্ধানে পুলিশ বিভিন্নভাবে কাজ করতে থাকে।
উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে শিশুটির পরিবারের খোঁজ পেতে সক্ষম হয় মুরাদনগর থানা পুলিশ।
পরে রবিবার সন্ধ্যায় মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী শিশু জোনায়েদকে তার বাবা মাসুদ রানার হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। দীর্ঘ প্রায় তিন মাস পর হারানো সন্তানকে ফিরে পেয়ে থানায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সন্তানকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা মাসুদ রানা।
তিনি সন্তানকে ফিরে পাওয়ার পেছনে মুরাদনগর থানা পুলিশ ও স্থানীয় সচেতন জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশের দ্রুত তৎপরতায় একটি নিখোঁজ শিশু তার পরিবারকে ফিরে পাওয়ায় মুরাদনগর থানা পুলিশের এই মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয়রা।