
কুড়িগ্রামে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধের জেরে নিহত জাহেদুল ইসলাম জেন্নাত (৪৫)-এর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) দুপুরে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহতের স্বজন, রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, উমর মজিদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডাংঘাট এলাকায় সরকারি রাস্তা সংস্কার ও জনসাধারণের চলাচল নিশ্চিত করার উদ্যোগকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিত হামলায় জিন্নাত নিহত হন।
তারা দাবি করেন, ঘটনার পর কয়েকজনকে আটক করা হলেও মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামিরা এখনো গ্রেপ্তারের বাইরে রয়েছেন। রাজনৈতিক বা সামাজিক প্রভাবের কারণে তদন্ত যেন বাধাগ্রস্ত না হয়, সে দাবিও জানান তারা।
মানববন্ধনে নিহতের স্ত্রী ও সন্তানরা কান্নাজড়িত কণ্ঠে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
সমাবেশ শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।
এতে এজাহারভুক্ত সব আসামির দ্রুত গ্রেপ্তার, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর, দোষীদের ফাঁসি নিশ্চিত করা, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা এবং এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা জানান, অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
রাজারহাট থানা পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।