
অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে সুযোগ পেলেন লাকসামের রায়হানুল ইসলাম রনি
লাকসাম প্রতিনিধিঃ
বৃহত্তর লাকসামের জন্য গর্বের খবর। কুমিল্লার লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নশরতপুর গ্রামের সন্তান রায়হানুল ইসলাম রনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলে খেলার সুযোগ পেয়েছেন। তার এই অর্জনে পরিবার, স্বজন, ক্রীড়াঙ্গন এবং পুরো লাকসামজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
রনি মনির হোসেন ও রাহেলা বেগমের ছেলে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার আগ্রহ, নিয়মিত অনুশীলন এবং কঠোর পরিশ্রমের ফলস্বরূপ তিনি দেশের সর্বোচ্চ বয়সভিত্তিক পর্যায়ের একটি দলে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন।
রনির মামা সাহাদাত হোসেন সৌরভ বলেন, “এই অর্জন আমাদের পুরো লাকসামবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। ছোটবেলা থেকে তার কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও স্বপ্ন আজ তাকে এই সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছে।
মহান আল্লাহর অশেষ রহমতে সে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে আরও সাফল্য, সুস্বাস্থ্য ও শক্তি দান করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে আরও বড় অর্জন এনে দেশের মুখ উজ্জ্বল করার তাওফিক দেন।”
তিনি আরও বলেন, “রনির প্রতিটি পদক্ষেপ সাফল্যের গল্প হয়ে উঠুক। আমরা সবসময় তার পাশে আছি।”
স্থানীয়রা মনে করছেন, রনির এই অর্জন বৃহত্তর লাকসামের তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার সাফল্যে এলাকার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং আরও অনেক তরুণ জাতীয় পর্যায়ে নিজেদের মেলে ধরতে উৎসাহিত হবে।
রনির জন্য পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক, প্রশিক্ষক ও সর্বস্তরের মানুষ দোয়া ও শুভকামনা জানিয়েছেন।