কুমিল্লায় জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি-এমপি মনিরুল হক চৌধুরীর ক্ষোভ

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

কুমিল্লায় জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি-এমপি মনিরুল হক চৌধুরীর ক্ষোভ

 

মোস্তফা কামাল মজুমদার, লালমাইঃ

টানা ভারী বর্ষণ ও ভয়াবহ জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজ এইচএসসি পরীক্ষার কেন্দ্রটি জরুরি ভিত্তিতে পরিবর্তন করা হয়েছে।

 

বোর্ড কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এই কেন্দ্রের পরীক্ষার্থীরা এখন থেকে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

 

এদিকে আজ শনিবার (১৮ জুলাই) জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রটি পরিদর্শনে যান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

 

পরিদর্শনের সময় কেন্দ্রের এমন বেহাল দশা এবং শিক্ষার্থীদের চরম ভোগান্তির বিষয়টি দেখে তিনি তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।

 

ঘটনার বিবরণ ও কেন্দ্র পরিবর্তন:গত সোমবার (১৩ জুলাই) মাত্র কয়েক ঘণ্টার রেকর্ড ভাঙা বৃষ্টিতে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার সরকারি মহিলা কলেজ কেন্দ্র এবং এর আশপাশের রাস্তাঘাট হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায়। এর ফলে এইচএসসি পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাতে চরম বিপাকে পড়েন। অনেক শিক্ষার্থীকে বাধ্য হয়ে নৌকায় চড়ে কিংবা ভিজে কাপড়ে পরীক্ষার হলে প্রবেশ করতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় তোলে।

 

শিক্ষার্থীদের এই মানবিক বিপর্যয় বিবেচনা করে এবং তাদের পরীক্ষা নির্বিঘ্ন করতে কুমিল্লা শিক্ষা বোর্ড তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

 

ফলে সরকারি মহিলা কলেজের ৯৮৭ জন পরীক্ষার্থীকে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে স্থানান্তর করা হয় এবং গত বুধবার থেকে তারা নতুন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছেন।

 

এমপি মনিরুল হক চৌধুরীর ক্ষোভ প্রকাশ:শনিবার কেন্দ্র পরিদর্শনে গিয়ে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কলেজ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দূরদর্শিতার অভাব নিয়ে প্রশ্ন তোলেন।

 

ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, বৃষ্টি হলে এই কেন্দ্রে পানি জমে—এটি কোনো নতুন ঘটনা নয়। পরীক্ষার আগেই কলেজ কর্তৃপক্ষ বা অধ্যক্ষের উচিত ছিল বিষয়টি শিক্ষা বোর্ডকে অবহিত করা এবং এখানে কেন্দ্র না রাখার অনুরোধ করা।

 

কর্তৃপক্ষের এমন উদাসীনতার কারণে হাজারো পরীক্ষার্থীকে যে মানসিক ও শারীরিক দুর্ভোগ পোহাতে হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *