
লাকসামে মিসবাহুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় কৃতি হাফেজদের সংবর্ধনা
লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলার বিজরা বাজারে অবস্থিত মিসবাহুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজুল মাদ্রাসায় জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী কৃতি হাফেজদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিজরা বাজারে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মোহাম্মদ আলী।
প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান আজহারী পরিচালিত হাসানা ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর হাফেজ মাওলানা মুফতি শামীম।
বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা হাফেজ মাওলানা মহি উদ্দিন।
অনুষ্ঠানে বিজরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল মাজেদ ফারুকী, জাতীয় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সেক্রেটারি হাফেজ মোহাম্মদ উল্লাহ, ডা. আইনজিবি, বাকই ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় মিসবাহুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজুল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে চ্যানেল ২৪-এর জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ আমান উল্লাহ, এশিয়ান টিভির প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ আবু নাঈম, আরটিভির সেরা ১৫-এ স্থান পাওয়া মোহাম্মদ বিন ফখরুল এবং এনটিভির জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সেরা ৩০-এ স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।
বক্তারা বলেন, পবিত্র কুরআনের খেদমতে শিক্ষার্থীদের এ সাফল্য মিসবাহুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজুল মাদ্রাসা এবং সমগ্র এলাকার জন্য গৌরবের বিষয়।
ভবিষ্যতেও কুরআনের আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানটি দক্ষ হাফেজ ও আদর্শ নাগরিক গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।