লাকসামে জায়গা দখলের চেষ্টা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে জায়গা দখলের চেষ্টা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

 

লাকসাম প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম পৌরসভার ৩নং ওয়ার্ড দক্ষিণ বিনই গ্রামে জমি দখলের চেষ্টা, মারধর, স্বর্ণালংকার ও মোবাইল চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগে লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারী।

 

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ বিনই গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগমের সঙ্গে প্রতিবেশী কয়েকজনের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে।

 

এ বিরোধের জেরে এর আগেও আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৪/১১৭(সি) ধারায় একটি মামলা চলমান রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়।

গত ২৬ জুন সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মনোয়ারা বেগমের মালিকানাধীন ও ভোগদখলীয় জমিতে প্রবেশ করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা চালায়।

 

এ সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায় এবং ধাক্কাধাক্কি ও মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় পরিবারের এক গৃহবধূ আহত হন। অভিযোগে আরও বলা হয়েছে, হামলার একপর্যায়ে ভুক্তভোগীদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় এবং পরিবারটির সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

লিখিত অভিযোগে তোতা মিয়া (তোফায়েল), জুয়েল রানা, সোহাগ, হাছিনা, হাসান, হোসেন মিয়া, সোহেল মিয়া ও দুলালসহ আরও ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী মনোয়ারা বেগম জানান, ঘটনার সময় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কর্তৃপক্ষ তাদের থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেয়। তিনি দাবি করেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তাদের পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

এ ঘটনায় তিনি লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুল নাহার লাইলী বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

 

অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *