
মুসলিম নারী রিমাকে বিয়ের পর
যেভাবে বদলে গেলেন দেম্বেল !
বার্সেলোনায় থাকার সময় যাঁর পরিচয় ছিল ‘ইনজুরি-প্রোন’ (সহজেই চোটে পড়া) আর খামখেয়ালী এক শৃঙ্খলহীন খেলোয়াড়, সেই উসমান দেম্বেলে গেলো বছর স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামালকে পেছনে ফেলে জিতে নিয়েছেন ফুটবলের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার, ২০২৫ ব্যালন ডি’অর!
বার্সার গালি খাওয়া সেই ‘ব্যাড বয়’ কীভাবে পিএসজিতে এসে এক মৌসুমে ৩৫ গোল আর ১৪ অ্যাসিস্টের অতিমানবীয় রেকর্ড গড়ে বিশ্বসেরা দানব হয়ে উঠলেন? ফুটবল মহলে কান পাতলে এখন একটাই উত্তর শোনা যাচ্ছে, আর তা হলো তাঁর রহস্যময়ী ও পর্দানশীন স্ত্রী রিমা এদবুশ!

২০১৭ সালে নেইমারের বিকল্প হিসেবে বার্সেলোনায় যোগ দেয়ার পর একের পর এক চোট আর মাঠের বাইরের বিশৃঙ্খল জীবনযাত্রার কারণে দেম্বেলের ক্যারিয়ার যখন ধ্বংসের মুখে, ঠিক তখন ২০২১ সালের ডিসেম্বরে সবাইকে চমকে দিয়ে রিমার সাথে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।
সম্পূর্ণ মরক্কান সংস্কৃতি ও ইসলামিক রীতি মেনে হওয়া সেই বিয়ের পর থেকেই যেন আলাদিনের চেরাগ পেয়ে যান দেম্বেলে। ২০২২ সালের সেপ্টেম্বরে এই দম্পতির ঘরে এক কন্যাসন্তান আসার পর জাভির অধীনে বার্সায় ঘুরে দাঁড়ান তিনি। আর গত মৌসুমে লুইস এনরিকের অধীনে পিএসজিতে যোগ দিয়ে তো রীতিমতো ইতিহাস লিখে ফেলেছেন; ট্রফি দে শ্যাম্পিয়নসে এএস মোনাকোর বিরুদ্ধে জয়সূচক গোল, চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-২ ব্যবধানের রূপকথার প্রত্যাবর্তন কিংবা সেমিতে আর্সেনালের বিপক্ষে সেই মহাকাব্যিক গোল, পিএসজিকে এক মৌসুমেই ৫টি ট্রফি জিতিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

মাঠে দেম্বেলে ঝড় তুললেও নেট দুনিয়ায় ঝড় তুলছেন তাঁর স্ত্রী রিমা। নেটিজেনদের কাছে তিনি এক পরম রহস্য, কারণ লাখ লাখ ফলোয়ার থাকলেও সোশ্যাল মিডিয়ায় তিনি কখনোই নিজের মুখ প্রকাশ করেন না! হিজাব পরিহিত এই মুসলিম তরুণী বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় টিকটকার, যেখানে মুখ না দেখিয়েও তাঁর ফলোয়ার সংখ্যা ৩ লাখের বেশি।
এছাড়া ইন্সটাগ্রাম হ্যান্ডেলে তাঁকে ফলো করেন ১ লাখ ৮৩ হাজারেরও বেশি মানুষ। ১৯৯৯ সালে জন্ম নেয়া রিমার জন্মস্থান নিয়ে ইন্টারনেটে তুমুল বিতর্ক রয়েছে; কিছু রিপোর্টের দাবি ইতালির ট্রেভিসোতে তাঁর জন্ম, আবার অনেকের মতে মরক্কোর দুয়ার আগবালৌতে পৃথিবীর আলো দেখেন তিনি, তবে বড় হয়েছেন ফ্রান্সেই।

ফুটবল ভক্তরা এখন রসিয়ে রসিয়ে বলছেন, বার্সেলোনার সমর্থকরা যখন দেম্বেলেকে দল থেকে তাড়ানোর জন্য ক্ষোভে ফুঁসছিল, তখন রিমা এদবুশ এসে জাদুমন্ত্রে এই ফরাসি উইঙ্গারকে বদলে দিয়েছেন। একজন খামখেয়ালী ফুটবলারকে সুশৃঙ্খল এবং সংসারী বানিয়ে তোলার পেছনে রিমার এই নীরব অবদানই আজ দেম্বেলেকে বানিয়েছে ফুটবল দুনিয়ার নতুন রাজা!