
রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শিবলী সাদিক, রাজশাহীঃ
রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং রাজশাহীকে আরও সবুজ ও বাসযোগ্য নগরীতে পরিণত করার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।
শুক্রবার (৩১ জুলাই) সকালে রাজশাহীর আরডিএ পার্কে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং রাজশাহীকে আরও সবুজায়নের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে আরডিএ।
এ কর্মসূচির আওতায় প্রতিবছর পাঁচ হাজার করে মোট পাঁচ বছরে ২৫ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
নগরীর বিভিন্ন সড়ক, পার্ক, উন্মুক্ত স্থান ও আরডিএর বিভিন্ন প্রকল্প এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। একই সঙ্গে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেরও ব্যবস্থা করা হবে, যাতে দীর্ঘমেয়াদে এ কর্মসূচির সুফল রাজশাহীবাসী ভোগ করতে পারেন।