
কুষ্টিয়া সীমান্তে প্রায় সাড়ে ৫৯ লাখ টাকার ভারতীয় মাদক ও অবৈধ ওষুধ উদ্ধার
হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ
কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক, অবৈধ ওষুধ ও চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (০৬ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চল্লিশপাড়া, মহিষকুন্ডি ও ধর্মদাহ বিওপি এবং আজ শুক্রবার শেওড়াতলা বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯ হাজার ৩৯০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট, ৯ হাজার ৮৭০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৮০ প্যাকেট পাতার বিড়ি, ২০ বোতল মদ, ১৪৫ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৯ লাখ ২৭ হাজার ৪০০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গাঁজা চাষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ময়রামপুর গ্রামের মো. নাহারুল ফকিরের (৫৫) বিরুদ্ধে পলাতক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এছাড়াও উদ্ধার করা গাঁজা দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্য মালামাল বিধি মোতাবেক ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সিজার স্টোর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি জানায়,সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক, বিস্ফোরক দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।