
বরুড়ায় নারীকে মারধর, বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ
বরুড়া প্রতিনিধি:
কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের গালিমপুর (চৌকিদার বাড়ি) এলাকায় এক নারীকে মারধর, বসতঘরে হামলা, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার-নগদ টাকা লুটপাটের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।রিমি আক্তারের স্বামী জুবায়ের হোসেন প্রবাসে অবস্থান করায় অভিযুক্তরা সব সময় তাকে শারিরীক ও মানুষিক নির্যাতন করে, মামলার বাদী রিনি আক্তার কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল।
এরই জের ধরে গত ৪ জুন ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টায় বিবাদীরা সংঘবদ্ধভাবে তার বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নতুন বসতঘর নির্মাণের কাজ চলাকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে নির্মাণাধীন ঘরের পিলার ও অন্যান্য মালামাল ভাঙচুর করে।
এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
বাদীর অভিযোগ, হামলার সময় তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়।
এতে কয়েকজন আহত হন এবং পরবর্তীতে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, হামলার একপর্যায়ে বাদীর গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
এছাড়া ঘরে থাকা নগদ প্রায় ২ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও আনা হয়েছে। লুট হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ অর্থের মোট মূল্য প্রায় ৩ লাখ টাকার বেশি বলে বাদীপক্ষ দাবি করেছে।
বাদী আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে আসছে এবং মামলা-মোকদ্দমা করলে প্রাণনাশের হুমকি দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।
পরবর্তীতে ন্যায়বিচারের আশায় আদালতের শরণাপন্ন হন ভুক্তভোগী নারী।
এ বিষয়ে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।