মাজারের বিরুদ্ধে তথ্য ফাঁস করে ডিসি সারওয়ারকে খোলা চিঠি

আইন আদালত জাতীয় রাজনীতি সারাদেশ সিলেট
শেয়ার করুন....,

মাজারের বিরুদ্ধে তথ্য ফাঁস করে

ডিসি সারওয়ারকে খোলা চিঠি

সিলেটের হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবাক্সে সদ্য প্রত্যাহারকৃত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের প্রশংসা করে এবং মাজারের অভ্যন্তরীণ অনিয়ম-দুর্নীতি তুলে ধরে একটি বেনামি চিঠি পাওয়া গেছে।

সোমবার (২২ জুন) বিকেলে মাজারের তিনটি দানবাক্সের (ডেগ) টাকা গণনার সময় এই চিঠিটি পাওয়া যায়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে শাহজালাল (রহ.) মাজার কেন্দ্রিক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে।

চিঠিতে তিনি লেখেন, ‘ডিসি সাহেব আসসালামু আলাইকুম। শাহজালাল মাজারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটসহ সারা দেশে এমনকি বিদেশে অবস্থানরত লোকজন আপনার শুধু প্রশংসাই করছেন না। শতকরা ৯৫% মানুষ আপনার পক্ষেই আছেন।’

তিনি আরও লেখেন, ‘সবচেয়ে বড় লুটপাটকারী হচ্ছে দরগার কেরানি শামুন মাহমুদ খান। অর্ধেক টাকাই সে মেরে দেয়। সে কেরানি হয়েও বড়াই করে বলে সে নাকি খাদিম। এ সবই মিথ্যা। পড়াশোনা করেছে সপ্তম শ্রেণি পর্যন্ত। এখন লম্বালম্বা কথা বলে। দরগার জায়গায় বাড়ি করেছে, দোকান পাঠ করেছে। এ সমস্ত জায়গা উদ্ধার করা একান্ত প্রয়োজন। দয়া করে দেখবেন, তাকে নিয়ে এখন আলোচনা হচ্ছে সেই মূল হোতা।’

দীর্ঘদিন ধরে হযরত শাহজালাল (রহ.) মাজারে ভক্ত ও দর্শনার্থীরা দান করে আসছেন। তবে এসব দানের অর্থ প্রকাশ্যে গণনার নজির আগে ছিল না। এবার প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্য গণনার উদ্যোগ নেয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

সোমবার (২২ জুন) দুপুর আড়াইটা থেকে মাজারে রাখা সিল করা ডেকচির ঢাকনা খুলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করা হয়। ব্যতিক্রমী এই উদ্যোগ ঘিরে মাজার প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।

এর আগে রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

আদেশ অনুযায়ী, তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। তবে প্রত্যাহারের কারণ বা সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে আদেশে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম প্রশাসনের বিভিন্ন দায়িত্বে আলোচিত ছিলেন।

বিশেষ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এ দায়িত্ব পালনকালে শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ব্যাপক পরিচিতি লাভ করেন।

২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এ সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। পরে ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি উপ-সচিব পদে পদোন্নতি পান।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং ২১ আগস্ট তিনি দায়িত্ব গ্রহণ করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *