
পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের
বিশাল মোটরসাইকেল র্যালি
কাজী আবদুল কাদের, পটিয়াঃ
পটিয়া দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি। প্রায় দুই শতাধিক মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে আয়োজিত এ র্যালিতে অংশগ্রহণ করেন হাজারো আর্জেন্টিনা সমর্থক ও ফুটবলপ্রেমী।
মঙ্গলবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন বিভিন্ন এলাকা থেকে আসা সমর্থকরা। এসময় আর্জেন্টিনার পতাকা, জার্সি ও নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। পরে সেখান থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে পটিয়া পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনা দলের প্রতি নিজেদের ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটান। পতাকা ও জার্সিতে সজ্জিত হাজারো সমর্থকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ বিশাল মোটরসাইকেল র্যালির আহ্বান জানান পটিয়ার যুবদল নেতা হাবিবুর রহমান রিপন। তিনি বলেন, “ফুটবলপ্রেমী মানুষকে একত্রিত করে সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।
বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।” শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ র্যালি দেখতে সড়কের দু’পাশে ভিড় করেন অসংখ্য উৎসুক মানুষ।
স্থানীয় ফুটবলপ্রেমীদের মতে, পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের এমন বৃহৎ আয়োজন সাম্প্রতিক সময়ে ব্যাপক সাড়া ফেলেছে।