
গৌরীপুরে জেলা পরিষদ প্রশাসকের সাথে উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়
মো: হুমায়ুন কবির, গৌরীপুরঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স-এর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৫টায় উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হাবিবুল ইসলাম খান শহীদ। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশীদার হওয়ার আহ্বান জানান।
সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বিএনপির ঘোষিত কর্মসূচি সফল বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে প্রধান অতিথি দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা জহিরুল ইসলাম মন্সী, জাসাস সভাপতি নাদিরুজ্জামান নাদের, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রক্তিম, উপজেলা ছাত্রদলের নেতা আবেদ হোসেন রাহাত, যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীর আলম, মহিলা দলের নেত্রী আফরোজা আক্তার সোমা, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের উপজেলা আহ্বায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান মাফুজ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিন মুন্সী, শাহজাহান কবির হিরা, বেগ ফারুক আহাম্মেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল হক শামছু ও জালাল আহাম্মেদ, পৌর বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) রমজান হোসেন খান জুয়েল, বিএনপি নেতা আলহাজ্ব আব্দুর রহমান বাবুল এবং সিনিয়র সদস্য অ্যাডভোকেট নরুল হক।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলামসহ উপজেলা, পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।