
সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুত
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিন সোহাগের প্রাপ্ত সরকারি সম্মানি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা দিতে অস্বীকৃতি জানানোয় বিনা নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ইমামের দাবি, সরকারি ভাতার অর্থ মসজিদ ফান্ডে জমা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হলেও তিনি তাতে রাজি না হওয়ায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে তিনি জানান, গত নয় মাস ধরে তিনি মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমামদের জন্য বিশেষ সরকারি সম্মানি ভাতা চালু হলে মসজিদের ইমাম হিসেবে তার নামে ওই ভাতা বরাদ্দ হয়।
মার্চ, এপ্রিল ও মে ২০২৬ মাসের সম্মানি ভাতার অর্থ তার ব্যাংক হিসাবে জমা হয়।
অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. ফিরোজ ও সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন তার ব্যাংক হিসাবে জমাকৃত সরকারি ভাতার অর্থ উত্তোলন করে মসজিদ ফান্ডে জমা দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন। তিনি সরকারি ভাতার অর্থ ব্যক্তিগত প্রাপ্য হওয়ায় তা মসজিদ ফান্ডে জমা দিতে অস্বীকৃতি জানান।
এর পরিপ্রেক্ষিতে তাকে মে মাসের বেতন-ভাতা প্রদান না করে গত ২৭ মে ঈদের পূর্ব রাতে মোবাইল ফোনের মাধ্যমে মসজিদের ইমামের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির বক্তব্য জানা সম্ভব হয়নি।
এবিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, মসজিদ কমিটির সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।