
মাদকবিরোধী অভিযানে হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহতঃ আটক-১
হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার মিরপুরে জাহিদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে মিরপুর থানার দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। সোমবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পরে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মশান এলাকা থেকে জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার ব্যবহৃত প্রাইভেটকার জব্দ এবং গাড়ি থেকে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আহত দুই পুলিশ কর্মকর্তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারুইপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় মিরপুর থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল। এসময় মশান গ্রামের জাহিদ নিজস্ব প্রাইভেটকারে সেখান দিয়ে যাচ্ছিলেন। পুলিশ তার প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশির চেষ্টা করে।
তখন জাহিদ ও তার সহযোগীরা পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ জাহিদকে আটক করতে গেলে সে এএসআই শামসু ও এএসআই ফারুকের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের মারধর করে আহত করে।
খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ কর্মকর্তাদের উদ্ধার এবং জাহিদকে গ্রেপ্তার করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জাহিদের বিরুদ্ধে মিরপুর থানায় মাদক আইনে আটটি এবং বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে।