
বুড়িচংয়ে বিনামূল্যে ৪ শতাধিক অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
মানুষ মানুষের জন্য—এই চিরন্তন সত্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগ। অসহায়, গরিব, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত প্রায় ৪ শতাধিক মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিকারপুর গ্রামের শিক্ষানুরাগী মরহুম জুনাব আলী সাহেব বাড়ির গোলাম সারওয়ার হাফেজিয়া এতিমখানা প্রাঙ্গণে এ মহতী আয়োজন অনুষ্ঠিত হয়। চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুদের দীর্ঘ সারি দেখা যায়। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ঔষধ পেয়ে স্বস্তি ফিরে আসে বহু অসহায় পরিবারের মুখে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঔষধ প্রশাসনের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিকতার সবচেয়ে বড় পরিচয়। এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেয়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজের পরিচালক ডা. কামরুন নাহার হারুন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান, মীম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক খায়রুননাহার মুক্ত এবং জিয়া উদ্দিন সুমন। তারা এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা ফাইন টাওয়ারের ভাইস চেয়ারম্যান মো. গোলাম সারওয়ার। সহযোগী তত্ত্বাবধানে ছিলেন আনাস মো. আরিফ।
চিকিৎসাসেবা প্রদান করেন ডা. ফয়সাল ওয়াহিদ, ডা. মো. আপন ইসলাম, ডা. ফাতেমা কাসপি তাহাসহ একদল অভিজ্ঞ চিকিৎসক।
এ সময় মীম হাসপাতালের ম্যানেজার মো. মহি উদ্দিন ভূঁইয়া চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গ্রামের একাধিক উপকারভোগী জানান, চিকিৎসা ও ঔষধের ব্যয় বহন করা অনেকের পক্ষেই সম্ভব হয় না।
এমন উদ্যোগ তাদের জন্য যেন আশীর্বাদ হয়ে এসেছে।
মানবিক এই আয়োজন শুধু চিকিৎসাসেবা নয়, অসহায় মানুষের মনে নতুন আশার আলোও জ্বালিয়েছে।