
মানবতার ব্লাড ব্যাংক লাকসাম-মনোহরগঞ্জ কার্যালয় উদ্বোধন
লাকসাম প্রতিনিধি:
মাদকে জীবন নষ্ট নয়, রক্তদানে বাঁচুক মানবতাএই মানবিক স্লোগানকে সামনে রেখে মানবতার ব্লাড ব্যাংক লাকসাম-মনোহরগঞ্জ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকাল ৩টায় কুমিল্লার লাকসাম উপজেলার নদী বাংলা ভূঁইয়া টাওয়ারের ৩য় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তরুণ স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে এক মানবিক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মীর মোঃ আবু বকর সিদ্দিক, প্রধান উপদেষ্টা মানবতার ব্লাড ব্যাংক ও ভাইস চেয়ারম্যান, ফেয়ার হেলথ হাসপাতাল এবং ইকবাল হাফিজ, ব্যবস্থাপনা পরিচালক, গ্রীন লাইফ হাসপাতাল।
সভাপতিত্ব করেন মানবতার ব্লাড ব্যাংক
লাকসাম-মনোহরগঞ্জের কেন্দ্রীয় সভাপতি হাফেজ ফরিদ আহম্মেদ এবং সঞ্চালনায় ছিলেন কেন্দ্র সাধারণ সম্পাদক হাফেজ ইমাম হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করা হয়। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় অতিথিরা মানবসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং রক্তদানকে একটি মহৎ ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
বক্তারা বলেন, জরুরি মুহূর্তে একজন রক্তদাতার একটি ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। পাশাপাশি যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে আগত সকল অতিথি, শুভানুধ্যায়ী ও মানবিক স্বেচ্ছাসেবীদের জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও লাল গোলাপের অভিনন্দন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন এই কেন্দ্রীয় কার্যালয় রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।