
লাকসামে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় অপরাধ দমনে কঠোর অবস্থান
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং, চুরি, যানজট ও জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (৭ মে) সকালে লাকসাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক জননেতা মোঃ আবুল কালাম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লাকসামের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সচেতন ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সকল কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্রশাসক নার্গিস সুলতানা সভাপতির বক্তব্যে তিনি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মল্লিক এবং লাকসাম থানার অফিসার ইনচার্জ কামরুল নাহার লায়লি।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিতভাবে এ ধরনের আইন-শৃঙ্খলা সভা আয়োজন করা হয়ে থাকে, যেখানে স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।