
মামা-ভাগনের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর !
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পারিবারিক কলহ থামাতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন পারভীন বেগম (৫০) নামে এক গৃহবধূ। মামা-ভাগনের ঝগড়ার মাঝে শান্তি ফেরাতে এগিয়ে এসে স্বামীর লাথিতে গুরুতর আহত হন তিনি।
পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্বামী মো. নাসিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩ মে) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর এলাকার সরকার বাড়িতে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
নিহত পারভীন বেগম ওই এলাকার বাসিন্দা এবং মো. নাসিরের স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নাসিরের ভাগনে ইয়াসিন (১৬) পেশায় একজন রংমিস্ত্রি। বেশ কিছুদিন ধরে কাজে না যাওয়াকে কেন্দ্র করে রোববার সকাল ৮টার দিকে মামা-ভাগনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নাসির ভাগনেকে মারধর করতে উদ্যত হন।
এ সময় পারভীন বেগম ঝগড়া থামাতে এবং ভাগনেকে রক্ষা করতে মাঝখানে দাঁড়িয়ে বাধা দেন।
অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে নাসির স্ত্রীর তলপেটে জোরে লাথি মারেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান পারভীন।
স্বজনরা দ্রুত তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।”
একটি সামান্য পারিবারিক বিরোধ যে মুহূর্তেই এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে, ব্রাহ্মণপাড়ার এ ঘটনা যেন তারই নির্মম উদাহরণ।