
বুড়িচং আব্দুল মতিন খসরু কলেজে পিঠা প্রদর্শনী ও পহেলা বৈশাখ উদযাপন
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কলেজ প্রাঙ্গণে ১৩ টি স্টলে শিক্ষার্থীরা নানা রকম পিঠা বৈশাখী খাবার, শরবত সহ বিভিন্ন খাদ্যের পসারা সাজিয়ে বসেছিল আর বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন গভর্ণিং বডির সভাপতি ও কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হান্নান এবং কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ আবদুর রহমান রব চেয়ারম্যান।
কলেজের অধ্যক্ষ মোঃ আবু ইউছুফ ভূঞা বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছরের ন্যায় পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় শিক্ষার্থীরা ১৩টি স্টল নিয়েছে।
বর্ষ বরণ উপলক্ষে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয় এ মেলার আয়োজন করা হয়।
স্টলগুলো ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের প্রানবন্ত অংশগ্রহনে ক্যাম্পাসের বৈশাখী মেলা জমে উঠেছে।
মেলা উপলক্ষে কলেজটিতে দেখা যায় আনন্দঘন মুহুর্ত। প্রতিদিনের মত নির্ধারিত কলেজ ইউনিফর্ম না পড়ে শিক্ষার্থীরা রঙবেরঙের ড্রেস পড়ে ঘুরছে ক্যাম্পাসে।
কলেজের দ্বাদশ বিজ্ঞানের শিক্ষার্থী আবদুল্লা নূর বলেন, আমাদের কলেজে প্রতিবছরই এ মেলা অনুষ্ঠিত হয়।
আমরা এ মেলা উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ উল্লাস করতে পারি। এ বছর আমাদের একটি স্টলও রয়েছে মেলায়। ভাল লাভ হবে বলে আশা করছি।
কলেজ গভর্ণিং বডির সভাপতি ও কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হান্নান বলেন, আজ বাঙালির উৎসব ও ঐক্যের দিন। পুরোনো সব জীর্ণতা পেছনে ফেলে নতুন প্রত্যয়ে আমরা এগিয়ে যাব। আমাদের প্রতিষ্ঠানের সাফল্য ও অগ্রযাত্রায় আপনাদের নিষ্ঠা অপরিহার্য।
আসুন, ১৪৩৩ বঙ্গাব্দের এই নতুন সকালে সকলে মিলে একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার শপথ নিই। সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা।
কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. আবদুর রহমান রব চেয়ারম্যান বলেন, নতুন বছরের এই আনন্দলগ্নে আমি আমার প্রতিষ্ঠানের গভর্ণিং বডি, সকল শিক্ষক ও শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন। নতুন দিনের এই নতুন আলো আমাদের ছাত্রছাত্রীদের আরো বেশি প্রফুল্লা করে তুলবে। সকলকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ।
বৈশাখী মেলার স্টল ব্যবস্থাপক সহকারী অধ্যাপক মোঃ ফরিদ উদ্দিন বলেন, আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় কলেজের একাদশ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক এবং স্নাতক সম্মান শ্রেণির শিক্ষার্থীদের জন্য সহ মোট ১৩টি স্টল বরাদ্দ করা হয়। শিক্ষার্থীরা নিজ অর্থায়নে তাদের স্টল সাজায়। সকলের অংশগ্রহনে বৈশাখী মেলা প্রাণবন্ত হয়ে উঠেছে।
পহেলা বৈশাখ বাস্তবায়ন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক পীযুষ কুমার সরকার বলেন, ছাত্রছাত্রীদের স্বতস্ফুত অংশগ্রহণে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়। আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবছরই বাংলা বর্ষ বরণ উদযাপন করে থাকে। বর্ষ বরণের দিন শিক্ষক-শিক্ষার্থীরা একসাথে মধ্যাহ্নভোজে অংশ নেন।