
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো সেই এসিল্যান্ডকে পদোন্নতি দিয়ে বদলি
নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত থাকা অবস্থায় সাংবাদিক নির্যাতনের অভিযোগে সমালোচিত কর্মকর্তা ফয়সল আহমেদ নূর-কে পদোন্নতি দিয়ে সিলেট বিভাগে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেখা যায় তিনি কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি কে ২ এপ্রিল মন্ত্রণালয় থেকে জারীকৃত প্রজ্ঞাপনে তাকে সিনিয়র সহকারী কমিশনার পদে সিলেটে পদায়ন করা হয়েছে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন বলেন, একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কোনো দৃশ্যমান তদন্ত বা জবাবদিহিতা ছাড়াই তাকে পদোন্নতি প্রদান কার্যত অপরাধকে উৎসাহিত করার শামিল।
এটি শুধু সাংবাদিক সমাজের জন্যই নয়, রাষ্ট্রের ন্যায়বিচার ও সুশাসনের জন্যও একটি নেতিবাচক বার্তা বহন করে।
বিবৃতিতে আরও বলা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানি যদি যথাযথভাবে বিচার না পায়, তবে তা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। অভিযুক্তদের পুরস্কৃত করা হলে ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম অবিলম্বে উক্ত ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছে। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হচ্ছে।
এছাড়া ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফরমান হোসেন এ আদেশ জারি করেন।