
গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ৭ জন মোটরসাইকেল চালককে
শিবলী সাদিক, রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা দিতে হলো সাতজন মোটর সাইকেল চালককে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের ‘আবুল কাশেম পেট্রোল পাম্পে’ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের এই জরিমানার আদেশ দেন।
মূলত মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না থাকায় ৪ জনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
তারা হলেন—সাগুয়ানের বাসিন্দা মো. ওসমান (১৮), সুলতানগঞ্জের বাসিন্দা সিহাব (২১), নাচোলের বাসিন্দা মো. রবিউল ইসলাম (৩০) এবং হঠাৎপাড়ার বাসিন্দা সাইফ (১৮)।
এছাড়া মহিশালবাড়ীর নওশাদ ও বড়শীপাড়া গোগ্রামের মফিজুল ইসলামকে এক হাজার টাকা করে এবং জাহানাবাদ এলাকার আসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আলম বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার তেল নিতে আসা বেশ কিছু মোটরসাইকেল তল্লাশি করে দেখা যায় অনেকেরই বৈধ কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স নেই।
আইন অমান্য করায় সাতজনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষকে আইন মানতে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ। শিবলী সাদিক রাজশাহী।