
লাকসামে শহীদদের স্মরণে মহান স্বাধীনতা দিবস উদযাপন
লাকসাম প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য আয়োজন ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
দিবসের শুরুতেই কুচকাওয়াজ ও সালাম গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম থানা অফিসার ইনচার্জ মাকসুদ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মিনাল চাকমা, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. সাদিকুল জাহান রিদান, কৃষি কর্মকর্তা আল-আমিন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পরে লাকসাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে আবারও পুরস্কার বিতরণ করা হয় এবং মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
দিবসটি ঘিরে লাকসামে ছিল এক উৎসবমুখর পরিবেশ। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বাধীনতার চেতনা নতুন করে জাগ্রত হয়, আর শহীদদের আত্মত্যাগের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা।