
লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মুহাম্মদ নুর উল্লাহ রায়হান।
বুধবার (১৮ মার্চ) লাকসাম উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কুমিল্লা-৯ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি আনুষ্ঠানিকভাবে তাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষণা দেন।
ডা. রায়হান একজন সৎ, পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে সুপরিচিত। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারে তিনি প্রথম সারির ছাত্রনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে তিনি লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং ড্যাব কুমিল্লা জেলা শাখার দায়িত্বশীল পদে ছিলেন।
পেশাগত জীবনে ডা. রায়হান একজন এমবিবিএস চিকিৎসক হিসেবে সুনামের সঙ্গে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। তার মেয়ে-মেয়ের স্বামী এবং ছেলেও চিকিৎসা পেশায় নিয়োজিত রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার সততা, দক্ষতা ও পরিচ্ছন্ন ইমেজ বিএনপির রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
উল্লেখ্য, বিগত ১/১১ সময়ে তিনি রাজনৈতিক কারণে সাবেক এমপি সাইফুল ইসলাম হিরো ও বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের মত গুমের শিকার হয়েও অবশেষে মিথ্যা মামলায় জেল-জুলুম ও নির্যাতনের শিকার হন।
ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় ডা. রায়হান কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।