
লাকসাম প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
লাকসাম প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৩ মার্চ বিকেলে লাকসাম প্রেস ক্লাব মিলনায়তনে প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী ও এতিমদের সম্মানে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম।
সভাপতিত্ব করেন লাকসাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়লান আবদিন পাটোয়ারি, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন মানুষ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নুরুউল্লাহ রায়হান এবং লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা, আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে আলোচনা করেন লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, বরকত ও নাজাতের মাস।
এ মাসে আত্মশুদ্ধি ও মানবসেবার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পরে উপস্থিত অতিথি ও এতিমদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।