
আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই
রিপন মুন্সী, বরগুনাঃ
বরগুনার আমতলী উপজেলার ৩ নং আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
এছাড়া আরও ৪টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) পৌন ৫ টার দিকে বাজারের একটি মুদি মনোহারী দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।
এ সময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে হাসান, দুলাল, ফোরকান, আমির, আব্দুর রাজ্জাক, আব্দুল হালিম ও হানিফের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া পাশের আরও চারটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং আরও ৪টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের মালামাল, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ হানিফ বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। তাদের ক্ষয়ক্ষতির বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।