
কুরআন ও সুন্নাহভিত্তিক সমাজ ব্যবস্থার মাধ্যমে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা-মীর আবু বকর ছিদ্দিক
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লা-৯ আসনে ন্যায়ভিত্তিক রাজনীতির বার্তা নিয়ে
গণসংযোগে চেয়ার মার্কার প্রার্থী আবু বকর ছিদ্দিক।
কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আবু বকর ছিদ্দিকের পক্ষে ব্যাপক ও প্রাণবন্ত নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ ও উঠান বৈঠক কোমারডোগা থেকে শুরু হয়ে ভোজপাড়া, দরবেশপাড়া, দুপচর বাকইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত হয়।
এ সময় লিফলেট বিতরণ ও সরাসরি জনসংযোগের মাধ্যমে ভোটারদের মাঝে প্রার্থীর নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হয়।
গণসংযোগকালে মোঃ আবু বকর ছিদ্দিক সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
তিনি কুরআন ও সুন্নাহভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা এবং কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে উন্নয়ন, ন্যায়বিচার ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে চেয়ার প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
এর আগে নির্বাচনী প্রচারণার উদ্বোধনী সভায় বক্তব্যে তিনি বলেন, উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের অবস্থান আপসহীন। শান্তি, মানবতা ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে বিশ্বাসই দলটির মূল আদর্শ।
তিনি আরও বলেন, লাকসাম–মনোহরগঞ্জ এলাকার দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো চিহ্নিত করে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে।
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গরিব-দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।
স্থানীয় ভোটাররা জানান, ইসলামিক মূল্যবোধভিত্তিক রাজনীতি ও উন্নয়নের প্রতিশ্রুতির কারণে তারা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রতি আশাবাদী।
দলীয় সূত্র জানায়, আগামী দিনগুলোতেও লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।