
লাকসামে সেনাবাহিনীর রায়ট কন্ট্রোল মহড়া অনুষ্ঠিত
লাকসাম প্রতিনিধি :
আসন্ন জাতীয় নির্বাচন–২০২৬কে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করেছে।
কুমিল্লার লাকসাম উপজেলায় সেনাবাহিনীর একটি পরিস্থিতিনির্ভর রায়ট কন্ট্রোল মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সূত্র জানায়, নির্বাচন উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন ও অধীনস্থ ইউনিট মোতায়েন রয়েছে।
এ প্রেক্ষাপটে ৩৩ পদাতিক ডিভিশনের অধীন ৫ সিগন্যাল ব্যাটালিয়ন চারটি ভিন্ন উপজেলায় সেনা ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করছে। এর মধ্যে লাকসাম উপজেলা একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত।
রোববার (আজ) লাকসাম ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত পাশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মহড়ার আয়োজন করা হয়।
মহড়ায় একটি কাল্পনিক পরিস্থিতি উপস্থাপন করা হয়, যেখানে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ভোটকেন্দ্রে হামলা চালায় এবং সাধারণ জনগণ ও দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ করে।
পরিস্থিতির খবর পেয়ে পেট্রলরত সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাধারণ জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদে উদ্ধার করেন।
পরবর্তীতে তারা দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আইনশৃঙ্খলা স্বাভাবিক করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের দৃশ্যও মহড়ায় তুলে ধরা হয়।
সংশ্লিষ্টরা জানান, এই মহড়ার মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া, পেশাদারিত্ব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনার সক্ষমতা আরও সুদৃঢ় হয়েছে।