
মাদকবিরোধী সভায় বক্তব্যকালে মৃত্যুর
কোলে ঢলে পড়েন কলেজ অধ্যক্ষ
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নে মাদকবিরোধী মতবিনিময় সভা চলাকালে হৃদয় বিদারক এক ঘটনা ঘটেছে। সভায় বক্তব্য দেওয়ার সময় শ্রেণিকক্ষেই হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন সুরুজ মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল মালেক।
জানা যায়, সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে আয়োজিত একটি সচেতনতামূলক মাদকবিরোধী মতবিনিময় সভায় বক্তব্য রাখ ছিলেন অধ্যক্ষ আবদুল মালেক।
এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে শ্রেণিকক্ষের মধ্যেই ঢলে পড়েন। পরে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা তাকে দ্রুত উদ্ধারের চেষ্টা করেন।
মাদকবিরোধী সচেতনতা তৈরির মতো একটি মহৎ কাজে অংশ নেওয়া অবস্থায় তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অধ্যক্ষ আবদুল মালেকের মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোক ও বেদনা বিরাজ করছে। তাঁর মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠানটি একজন অভিভাবকসুলভ শিক্ষক ও দক্ষ শিক্ষানুরাগীকে হারাল বলে শোক প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা।