
গৌরীপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, পোনামাছ অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
স্থানীয় পাবলিক হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার কমল রায়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, “বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ জীবনে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্যসম্পদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাছের অভয়াশ্রম সংরক্ষণ, পোনা মাছ অবমুক্তকরণ এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে জনসচেতনতা বাড়াতে হবে।”
প্রতিমন্ত্রী বলেন, মৎস্যসম্পদ শুধু খাদ্য ও পুষ্টির উৎস নয়, এটি দেশের অর্থনীতি ও মানুষের কর্মসংস্থানেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যজীবী, চাষি ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা পোনামাছ অবমুক্ত করেন এবং মৎস্য খাতে অবদান রাখা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করেন।