
লাকসামের সালেহপুরে অবৈধ ড্রেজারে বালু ভরাটে প্রশাসনের অভিযান
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম উপজেলার সালেহপুর দক্ষিণপাড়া মসজিদবাড়ি এলাকায় প্রবাসী আলমের জমিতে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে ভরাটকারীদের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার মুচলেকা নেওয়া হয়েছে।
একই সঙ্গে ভরাটকাজে ব্যবহৃত ড্রেজারের পাইপ বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা ভরাটের কাজ বন্ধ করে দেয়।
ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, ড্রেজারের মাধ্যমে ইতোমধ্যে বিপুল পরিমাণ বালু ভরাট করা হয়েছে।
অভিযান চলাকালে ভরাটকারীদের শনাক্ত করে তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় তারা ভবিষ্যতে আর অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু ভরাট করবেন না বলে অঙ্গীকার করেন।
এছাড়া পুনরায় ভরাট কার্যক্রম পরিচালনা ঠেকাতে ঘটনাস্থলে স্থাপিত ড্রেজারের পাইপগুলো বিনষ্ট করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রেজারের মাধ্যমে বালু ভরাট চলছিল। এতে কৃষিজমি, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ভরাটের কাজ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। যারা ভরাট করেছে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তারা ভবিষ্যতে আর ড্রেজার দিয়ে বালু ভরাট করবে না বলে অঙ্গীকার করেছে।
ভরাটকাজে ব্যবহৃত পাইপগুলোও বিনষ্ট করা হয়েছে। তবে ড্রেজারটি দুর্গম স্থানে থাকায় সেখানে পৌঁছে সেটি জব্দ করা সম্ভব হয়নি।”
তিনি আরও বলেন, পরিবেশবিধ্বংসী অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন ও ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।