
মহেশপুরে প্রবাসীর বাড়িতে হামলা লুটপাট
সুমন খান, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ সময় বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের কোপে ও লাঠিপেটায় নারীসহ অন্তত দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার স্বরূপপুর ইউনিয়নের ইর্শালডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর ছোট বোন হাসিনা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইর্শালডাঙ্গা গ্রামের কুদ্দুস মোল্লা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় বাড়িতে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ অভিভাবক নেই। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে তার বসতবাড়ির জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে প্রধান অভিযুক্ত জব্বার মোল্লা (৪০) দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অনধিকারভাবে ওই প্রবাসীর বাড়িতে প্রবেশ করেন।
একপর্যায়ে তারা জোরপূর্বক বসতবাড়ির সামনে ইটের প্রাচীর নির্মাণ করে বাড়িটি অবরুদ্ধ করার চেষ্টা চালান। অভিযোগে রয়েছে, হাল্লান মোল্লা (৬০), হাজেরা বেগম (৪০), মসুলতান মোল্লা এবং শাহাদাত হোসেন(৪০) প্রত্যক্ষ হুকুমে ও উসকানিতে এ হামলা চালানো হয়।
এ সময় বাড়ির অবরুদ্ধকরণের প্রতিবাদ করেন প্রবাসীর বৃদ্ধা মা। তখন অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর শুরু করেন। মায়ের আর্তচিৎকার শুনে বড় বোন সালেহা খাতুন এগিয়ে এলে অভিযুক্ত জব্বার মোল্লা ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতের কবজিতে সজোরে কোপ মারেন।
এছাড়া অন্যান্য অভিযুক্তরা তাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন। হামলা চলাকালে সালেহা খাতুন ও হাসিনা খাতুনের গলায় থাকা ৯.১৬ ক্যারেটের ১ ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে যাওয়ার সময় অভিযুক্তরা প্রবাসীর বসতঘরে তালা ঝুলিয়ে দেন এবং আতঙ্ক সৃষ্টির জন্য পুরো পরিবারটিকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত সালেহা খাতুনের বাম হাতে ৫টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে হামলাকারীদের ভয়ে পুরো ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। তারা অবিলম্বে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হান্নান জানান,খবর পাওয়া মাত্রই আমি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরুদ্ধ ঘরের তালা খুলে দিয়েছি। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।
বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।