
ধামরাইয়ে প্রবাসীর বাড়িতে গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতি আটক-২
মোস্তফা কামাল মজুমদারঃ
ঢাকার ধামরাইয়ে একটি বসতবাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করেছে একদল ডাকাত।
এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে দেশীয় অস্ত্রের আঘাতে গৃহকর্তা শাহিনুর ইসলাম মারাত্মক আহত হয়েছেন।
গত শুক্রবার রাত ১২টার দিকে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই দত্তখোলা গ্রামে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দেপাশাই দত্তখোলা গ্রামের বাসিন্দা শাহিনুর ইসলামের পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
রাত আনুমানিক ১২টার দিকে একদল সংঘবদ্ধ ডাকাত জানালার লোহার গ্রিল কেটে ঘরের ভেতর প্রবেশ করে। ডাকাত দলটি প্রথমে শাহিনুরের মায়ের কক্ষে ঢুকে আলমারি ভেঙে নগদ ৪ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার লুট করে।
পরবর্তীতে ডাকাতরা শাহিনুর ইসলামের কক্ষে ঢুকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় শাহিনুর জেগে উঠলে সাহসিকতার সাথে এক ডাকাতকে জাপটে ধরেন।
তাৎক্ষণিক অন্য ডাকাতরা তাকে উদ্ধারে এগিয়ে আসে এবং ধারালো দেশীয় অস্ত্র দিয়ে শাহিনুরের হাত ও শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে ও আঘাত করে জখম করে।
শাহিনুরের চিৎকারে বাড়ির অন্য সদস্যরা এগিয়ে এলে ডাকাত দল মালামাল ও মোবাইল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আহত শাহিনুরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাড়ির মালিক শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতরা তার মায়ের ও তার কক্ষ থেকে নগদ টাকা, স্বর্ণ ও মোবাইলসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। বাধা দেওয়ায় তাকে অস্ত্র দিয়ে আঘাত করে আহত করা হয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার ওসি (অপারেশন) দেবাশীষ সানা জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য শাহিন (২৮) ও মাসুম (৩০) নামের দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ বাকি অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।