
লালমাই উপজেলার ৪৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন
কুমিল্লা প্রতিনিধিঃ
জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ঐতিহ্যবাহী লালমাই উপজেলার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে এক আন্তরিক ও আড়ম্বরপূর্ণ ‘শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৯ জুলাই (বৃহস্পতিবার) রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (লালমাই- নাঙ্গলকোট) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।
ব্যারিস্টার মোঃ গোলাম সারওয়ার ভূঁইয়ার পরিচালনায় ও সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে লালমাই উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কোমলমতি শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যপ্রণালী, গণতান্ত্রিক চর্চা ও দেশের উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা দিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি বলেন,আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। জাতীয় সংসদের মতো সর্বোচ্চ আইনসভা পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেম, নেতৃত্ব ও আধুনিক বাংলাদেশ গড়ার বিষয়ে অনুপ্রাণিত হবে। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন করে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন ঘুরে দেখার পাশাপাশি সংসদ সদস্যের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেয় এবং সংসদীয় কার্যক্রম সম্পর্কে নানা বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা এমন চমৎকার উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।