
জামালগঞ্জে দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ
আবদুস সামাদ, সুনামগঞ্জঃ
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় নূরানী তালীমুল কুরআন বোর্ড সিলেট বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে জামালগঞ্জ দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে এক জমকালো পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহা. আলতাফুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা মাছরুফ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, সুনামগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি অজিত কুমার রায়, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার এবং বেহেলী মাদ্রাসার মুহতামিম মাওলানা নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষার মূল উদ্দেশ্য কেবল ভালো ফল অর্জন নয়, বরং একজন আদর্শ ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠা। মাদ্রাসার শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে সমাজ গঠনে অনন্য ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও বলেন, “আজকের মেধাবী শিশুরাই আগামী দিনের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের কর্ণধার। আমি আশা করি, তোমরা দেশপ্রেম ও মানবিক গুণাবলিতে বলীয়ান হয়ে ভবিষ্যতে দেশের কল্যাণে এবং মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করবে।
” মাদ্রাসার এমন চমৎকার ফলাফলে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও কৃতিত্বের সনদপত্র তুলে দেন। এ সময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।