মাদকবিরোধী মানববন্ধন শেষে দুর্বৃত্তদের গুলিতে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্র আহত

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

মাদকবিরোধী মানববন্ধন শেষে দুর্বৃত্তদের

গুলিতে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্র আহত

কুমিল্লা প্রতিনিধিঃ

‘আমার ছেলের কোনো অপরাধ ছিল না। সে স্কুলের বিরতিতে টিফিন খেতে বাসার উদ্দেশ্যে বের হয়ে ছিল। এর মধ্যেই তার পিঠে গুলি লাগে। তাকে কেন গুলি করা হলো। জানি না, ছেলেটি বাঁচবে কিনা।’

কুমিল্লা নগরীতে মাদকবিরোধী মানববন্ধন শেষে দুর্বৃত্তদের গুলিতে আহত স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম (১২)। তার বাবা ইউনুছ মিয়া আজ বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে এভাবেই ছেলের সংকটাপন্ন অবস্থার হওয়ার বর্ণনা দিচ্ছিলেন। প্রেম স্থানীয় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন করে ‘নাগরিক কমিটি’। সেখানে দেশি অস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় স্কুলশিক্ষার্থীসহ সাতজন আহত হয়।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  তাদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় স্কুলছাত্র প্রেমকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘সন্ত্রাসবিরোধী মানববন্ধনে দুর্বৃত্তরা অতর্কিত হামলা ও গুলি চালায়। ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছে।’

বাবা ইউনুছ মিয়া বলেন, ‘স্কুলের সামনের রাস্তার পাশেই আমাদের বাসা। টিফিন খেতে প্রেম প্রতিদিন স্কুল থেকে বের হতো। আজও সে স্কুলের বিরতিতে টিফিন খেতে বের হয়েছিল। এর মধ্যেই রাস্তায় তার পিঠে গুলি লাগে। আজ সে বের হয়ে আর বাসায় পৌঁছাতে পারেনি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়া নিয়ে কাঁটাবিল এলাকায় গত বুধবার রাতে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় স্থানীয় এলাকার প্রতিবাদী লোকজনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কাটাবিল প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদকবিরোধী মানববন্ধন হয়।

স্কুলছাত্র প্রেমের বাবা ইউনুছ মিয়া কুমিল্লা সিটি পার্কে একটি রাইড্স পরিচালনা করেন। তিনি ফোনে সংবাদটুডে.কম কে বলেন, ‘সন্ত্রাসীদের গুলি আমার ছেলের পিঠ দিয়ে শরীরের ভেতর ঢুকে গেছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা গুলি বের করতে পারেননি। তারা শুধু ব্যান্ডেজ করে দিয়েছেন। আমার ছেলে এখন ঢাকা মেডিকেলে অপারেশন থিয়েটারে আছে, গুলি বের করার চেষ্টা চলছে। পুরো রাস্তায় ছেলেরটার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে।’

মানবন্ধনে অংশ নেওয়া লোকজন জানান, দুপুরে হঠাৎ অস্ত্র হাতে একদল লোক মানববন্ধনের আয়োজক ও অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় তারা গুলিবর্ষণের ঘটনা ঘটালে পথচারী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি করেন। সংঘর্ষ চলাকালে ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হন।

কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার সংবাদটুডে.কম কে বলেন, ‘ঘটনাটি স্কুলের সামনের রাস্তায় ঘটেছে। টিফিনের বিরতির সময় বাসায় যাওয়ার পথে ইথান গুলিবিদ্ধি হয়েছে বলে পরে জানতে পেরেছি।’

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স মাসুম বিল্লাহ সংবাদটুডে.কম কে বলেন, ‘দুপুর দেড়টার দিকে গুলিবিদ্ধ স্কুল ছাত্রকে জরুরি বিভাগে আনা হয়। গুলি তার পিঠ দিয়ে ভেতরে চলে যাওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।’

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, মানববন্ধন শেষ হওয়ার পর হঠাৎ করে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের একটি গ্রুপ অস্ত্র নিয়ে আশপাশের বাড়িঘরে হামলা চালায় ও গুলিবর্ষণ করে।

এসময় ইথান স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়। তাদের ভাষ্য, প্রকাশ্যে মাদক ব্যবসা ও অস্ত্রের মহড়ার বিরুদ্ধে প্রতিবাদ করার জেরে এই হামলার ঘটনা ঘটে। সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার পরপরই র‌্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *