
বুড়িচংয়ের গোবিন্দপুর সোন্দ্রম ও এদবারপুরে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
বুড়িচং উপজেলার গোবিন্দপুর, সোন্দ্রম ও এদবারপুরে মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে পৃথক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আয়োজিত এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন জসিম।
সমাবেশগুলোতে এমপি জসিম উদ্দিন মাদক, জুয়া ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, “মাদক একটি সমাজ ও রাষ্ট্র ধ্বংসের হাতিয়ার। যারা মাদক ব্যবসা, জুয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।
মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। যুব সমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক ও জুয়ার কারণে সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে। এসব অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”
গোবিন্দপুরে প্রবাসীদের উদ্যোগ পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোবিন্দপুর প্রবাসী মানবিক কল্যাণ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন জয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুতফুর রহমান, অবসরপ্রাপ্ত সমাজ কর্মকর্তা মো. কবির আহামেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ূন কবির বাবুল, যুগ্ম সম্পাদক মো. আমির হোসেন বাদল, সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম আজাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সোন্দ্রমে মাদকবিরোধী সমাবেশ ভারেল্লা উত্তর ইউনিয়নের সোন্দ্রম উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশেও প্রধান অতিথি ছিলেন এমপি জসিম উদ্দিন।
এ সময় তিনি মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী এটিএম মিজানুর রহমান।
এছাড়া বক্তব্য দেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুতফুর রহমান, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এদবারপুরে সচেতন নাগরিকদের উদ্যোগ এদবারপুর গ্রামের সচেতন নাগরিকদের উদ্যোগে স্থানীয় ডি.এস. ইসলামি দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মাদক বিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন ভূইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন মো. মামুনুর রশীদ।
এখানেও প্রধান অতিথির বক্তব্যে এমপি জসিম উদ্দিন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন। যে কোনো মূল্যে মাদক ব্যবসা, জুয়া ও সামাজিক অপরাধ বন্ধ করতে হবে।”
সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।