
বিশ্ব পরিবেশ দিবসে লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রিয়াদ হোসাইন, লাকসামঃ
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ রোভার ইউনিটের উদ্যোগে র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ রোভার ইউনিটের আরএসএল ও সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মুনির আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ জাহিদুল হাসান এবং বিশিষ্ট সমাজসেবক মোশাররফ হোসেন মুশু।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিক্ষক, শিক্ষার্থী ও রোভার সদস্যরা।
এ সময় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান খান। তিনি পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই উন্নয়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফখরুল লতিফ পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ সাঈদ উল ফায়েজ ইকোসিস্টেম ও পরিবেশগত ভারসাম্য বিষয়ে আলোচনা করেন। রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. আকতারুজ্জামান পরিবেশ ও জীবজগতের ওপর প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন।
বক্তারা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর মো আতিকুর রহমান, পদার্থবিদ্যা বিভাগ, প্রফেসর মো: মনিরুল ইসলাম খান, পদার্থবিদ্যা বিভাগ
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।