বুড়িচংয়ে মহাসড়কে থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, আহত-৪

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে মহাসড়কে থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, আহত-৪

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় চলাচল নিষিদ্ধ থ্রি-হুইলার (ইজিবাইক) আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নিমসার কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় হাইওয়ে পুলিশের তিন সদস্য ও এক ইজিবাইক চালক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে নিয়মিত টহল ও ট্রাফিক আইন বাস্তবায়নের অংশ হিসেবে হাইওয়ে পুলিশের একটি দল নিমসার কলেজ গেইট এলাকায় দায়িত্ব পালন করছিল।

এ সময় উল্টোপথে চলাচলরত একটি ব্যাটারিচালিত ইজিবাইক থামিয়ে চালককে আটক করে পুলিশ।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একদল উত্তেজিত ব্যক্তি হাইওয়ে পুলিশের সরকারি গাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গাড়িটি ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। এ সময় সংঘর্ষে হাইওয়ে পুলিশের তিন সদস্য এবং আটক ইজিবাইক চালক আহত হন।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন বলেন, “মহাসড়কে দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে মহাসড়কে অবৈধ ও নিষিদ্ধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *