
কুষ্টিয়ার চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা !
হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার কুমারখালীতে চিরকুট লিখে জুলিয়া খাতুন (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
সোমবার (০৮ জুন) সকালে পৌরসভার খয়েরচারা মাঠপাড়া এলাকায় নিহতের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জুলিয়া খাতুন খয়েরচারা এলাকার জহিরুল ইসলামের মেয়ে। তার স্বামী সাহেদ হোসেন কাতার প্রবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়,সকালে জুলিয়ার সাত বছর বয়সী মেয়ে তাহনা ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মাকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে এসময় এলাকাবাসি এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা জহিরুল ইসলাম বলেন,প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমাতে যায় আমার মেয়ে। সকালে জানতে পারি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা আমরা বলতে পারছি না।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান,মৃত্যুর আগে জুলিয়া খাতুন একটি চিরকুট লিখে যান। সেখানে তিনি উল্লেখ করেন যে, নিজের ইচ্ছায় তিনি এ পথ বেছে নিয়েছেন এবং তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করতে অনুরোধ করেছেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তার কন্যা সন্তান তাহনার দেখভালের অনুরোধ জানান।
বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে। প্রাথমিকভাবে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।