
ঘুমের মধ্যে সাপের কামড়ে ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু !
ইসমাইল হোসেন, পোরশাঃ
নওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে আবির ইসলাম রিয়ন (১২) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঘাটনগর ইউনিয়নের মিসকিনপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আবির ইসলাম রিয়ন ওই গ্রামের মো. রাসেল হোসেনের ছেলে। সে মিসকিনপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের ভাষ্য, আবির মেধাবী ও শান্ত স্বভাবের শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল আবির। এ সময় একটি চিতাবোরা সাপ তাকে কামড় দেয়।
বিষয়টি টের পাওয়ার পর পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করেন।
এতে অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত তাকে মহাদেবপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়।
পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আবিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবিরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ছেলেকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
স্থানীয়রা জানান, প্রত্যন্ত এলাকায় সাপে কাটার পর দ্রুত হাসপাতালে নেওয়ার পরিবর্তে অনেক সময় কবিরাজ বা ওঝার শরণাপন্ন হওয়ার প্রবণতা রয়েছে।
এতে চিকিৎসা পেতে দেরি হওয়ায় দুর্ঘটনার পরিণতি আরও ভয়াবহ হতে পারে। সাপে কাটলে দ্রুত হাসপাতালে নেওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।