
গৌরীপুরে ডিজেল সংকটে ধান মাড়াই মৌসুমে বিপাকে কৃষক
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জ্বালানী তেলের তীব্র সংকট দেখা দিয়েছে।
বিশেষ করে ডিজেল তেলের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকরা। চলমান ধান মাড়াই মৌসুমে ডিজেলচালিত যন্ত্রের ওপর নির্ভরশীল কৃষকরা সময়মতো কাজ সম্পন্ন করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ডিলারের কাছে খোঁজ নিয়েও ডিজেল তেল পাওয়া যাচ্ছে না।
ফলে ধান মাড়াই কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং কৃষকদের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। অনেক কৃষক বাধ্য হয়ে অতিরিক্ত দামে তেল সংগ্রহের চেষ্টা করছেন, তবুও চাহিদা পূরণ হচ্ছে না।
কৃষকদের অভিযোগ, হঠাৎ করে এমন সংকট তৈরি হওয়ায় তারা প্রস্তুত থাকতে পারেননি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে কৃষি উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকরা, যাতে দ্রুত ডিজেল সরবরাহ নিশ্চিত করে সংকট নিরসন করা যায়।
এই বিষয়ে উপজেলা নির্বাহী৷ কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা জানিয়েছেন দীর্ঘ দিন যাবত গৌরীপুর উপজেলায় তেল সংকট থাকায় উদ্ধর্তন কতৃর্পক্ষে চিঠি দিয়ে অবহিত করেছেন।
কৃষি অফিস সুত্রে জানা গেছে ২৭ এপ্রিল সোমবার পর্যন্ত বাপ্পি ট্রের্ডাস ২০০,চৌধুরী ট্রের্ডাসে শূন্য ,জয়নাল ট্রের্ডাস ৪০,আশরাফ ট্রের্ডাসে শূন্য,তাসনিম ফিলিং ৯ হাজার লিটার ডিজেল তেল বিক্রি করা হয়েছে।