জ্বালানি সংকটে তেল গোপন রাখার অভিযোগে গৌরীপুরে ফিলিং স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে মামলা

অর্থনীতি আইন আদালত জাতীয় ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন....,

জ্বালানি সংকটে তেল গোপন রাখার অভিযোগে গৌরীপুরে ফিলিং স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে মামলা

হুমায়ূন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে জ্বালানি সংকটকালীন পরিস্থিতিতে অবৈধভাবে তেল মজুদের অভিযোগে একটি ফিলিং স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে গৌরীপুর উপজেলার ৮ নম্বর ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় অবস্থিত সোয়াদ ফিলিং স্টেশন পরিদর্শনকালে এ ঘটনা ধরা পড়ে।
এজাহার সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহে কর্মরত সার্টিফিকেট সহকারী মো. আফসারুল ইসলাম জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে ওই ফিলিং স্টেশন পরিদর্শন করেন।
এ সময় ভৈরব বাজার ডিপো (কিশোরগঞ্জ) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায় যে, গত ১, ২ ও ৪ এপ্রিল ২০২৬ তারিখে প্রতিদিন ১৩,৫০০ লিটার করে মোট ৪০,৫০০ লিটার এবং ৬ ও ৭ এপ্রিল প্রতিদিন ৯,০০০ লিটার করে মোট ১৮,০০০ লিটার জ্বালানি সরবরাহ করা হয়েছে।
সব মিলিয়ে ফিলিং স্টেশনটিতে ৫৮,৫০০ লিটার জ্বালানি তেল সরবরাহের তথ্য পাওয়া যায়।
কিন্তু পরিদর্শনের সময় ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত (৩০) এ তথ্য অস্বীকার করে জানান যে, তিনি শুধু ৩ এপ্রিল ২০২৬ তারিখে ৯,০০০ লিটার পেট্রোল পেয়েছেন।
এতে সরবরাহকৃত তেলের হিসাবের সাথে বড় ধরনের অসঙ্গতি দেখা যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন ও তেলপ্রত্যাশী মানুষের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিষয়টি যাচাই করা হলে অবৈধভাবে তেল মজুদের অভিযোগ উঠে আসে।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫/২৫ডি ধারায় গৌরীপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আসামিকে আটক করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
গৌরীপুর থানায় দায়ের করা মামলার নম্বর ০৭, তারিখ ৭ এপ্রিল ২০২৬।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *