
মানুষের স্বার্থ ও মর্যাদা রক্ষায় দায়বদ্ধ-মোঃ আবুল কালাম
লাকসাম প্রতিনিধিঃ
সংসদীয় আসন ২৫৭ কুমিল্লা ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম বলেছেন, আমার রাজনীতির লক্ষ্য কখনোই অর্থ বা ক্ষমতা নয়।
আমার অঙ্গীকার মানুষের কল্যাণ, ন্যায় ও উন্নয়ন। আমি মানুষের স্বার্থ ও মর্যাদা রক্ষায় দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
পদ পদবির ঊর্ধ্বে হলো মানুষ, সবার ঊর্ধ্বে বাংলাদেশ।
মানুষের প্রত্যাশাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তা বাস্তবায়নের চেষ্টা করবো। দল-মত-নির্বিশেষে লাকসাম ও মনোহরগঞ্জের প্রতিটি মানুষের পাশে থাকবো।
২০ ফেব্রুয়ারি বিকেলে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে শুভেচ্ছা বিনিময় কালে মোঃ আবুল কালাম উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, জনগণের ঐতিহাসিক রায়ে কুমিল্লা ৯ আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি।
এই বিজয় কোনো ব্যক্তিগত সাফল্য নয়, এটি এই আসনের সর্বস্তরের মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আস্থার বিজয়।
দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি সংগ্রাম, ত্যাগ ও পথচলার মূল্যায়ন আজ আপনারা ভোটের মাধ্যমে করেছেন। আপনাদের অকুণ্ঠ সমর্থন, আন্তরিকতা ও দোয়া আমাকে গভীরভাবে অভিভূত করেছে। আমি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞ, কৃতজ্ঞ আমার প্রিয় লাকসাম ও মনোহরগঞ্জবাসীর কাছে।
এই বিজয়ের মধ্য দিয়ে আমার জীবনে শুরু হলো নতুন অধ্যায়, নতুন দায়িত্ব ও নতুন অঙ্গীকার।
তিনি আরো বলেন, আপনারা আমাকে যে বিশ্বাসের আমানত দিয়েছেন, তা রক্ষা করাই হবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার। গণতন্ত্রে সহনশীলতা হলো প্রধান, সবাইকে এমনকি আমার প্রতিপক্ষকেও একই সম্মান ও মর্যাদা দিয়ে নিরাপদ রেখে কল্যাণমুখী সমাজ ও দেশ গড়তে আমরা সবাই একসঙ্গে কাজ করবো।
মোঃ আবুল কালাম বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দল, মত, নির্বিশেষে লাকসাম ও মনোহরগঞ্জের প্রতিটি মানুষের পাশে থাকবো।
শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন ও মানবিক সহায়তায় একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ লাকসাম ও মনোহরগঞ্জ গড়ে তুলতে সর্বশক্তি দিয়ে কাজ করবো।
এ সময় তিনি ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মজির আহমেদ’র সভাপতিত্বে এ সময় অন্যান্যদর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক, পৌরসভা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মনির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, বিএনপি নেতা ও গুম পরিবারের সদস্য রাফসানুল ইসলাম, শাহরিয়ার কবির রাতুল, বিএনপি নেতা সুভাষ বনিক প্রমুখ।
জাতীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম ওইদিন দলীয় কার্যালয়ে ইফতার মাহফিলে উপস্থিত সবার কাছে দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।