লাকসামে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দিবস/ উৎসব রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

 

লাকসাম প্রতিনিধি:


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কুমিল্লার লাকসামে নজরুল বর্ষ পালন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 


সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় লাকসাম উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।

 


এ সময় বিশেষ অতিথি হিসেবে প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনতার চেতনার অন্যতম প্রধান কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালি জাতির সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

নজরুলের সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


বক্তারা আরও বলেন, নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে নজরুলের সাহিত্য, সংগীত ও আদর্শের সঙ্গে নতুন প্রজন্মের পরিচিতি আরও গভীর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 


অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাঙালি জাতির জন্য অবদান, তাঁর সাহিত্যকর্ম, সংগীত ও সমাজ পরিবর্তনের চিন্তাধারা নিয়ে আলোচনা করা হয়।


পরে নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয় এবং লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নজরুলসংগীত পরিবেশন করেন। তাদের পরিবেশনায় অনুষ্ঠানস্থলে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আবহ তৈরি হয়।

 


অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষ উপলক্ষে লাকসাম উপজেলায় আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *